রাউজানে আগুনে পুড়ল চার বসতঘর

রাউজান প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাউজানে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর গ্রামের ইদ্রিচ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক সওদাগর জানান, গভীর রাতে ছবিলা খাতুনের ঘরে প্রথম আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের মোহাম্মদ মিয়া, মোহাম্মদ আলী ও মোহাম্মদ শফির বসতঘরে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই চারটি বসতঘর পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ছবিলা খাতুনের দাবি, আগুনে তার ও তার বোনের নগদ এক লাখ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, বেড়াতে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের মোট ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি প্রাথমিকভাবে নগদ সহায়তাও দিয়েছেন বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদলবল নিয়ে কালি দিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা, আটক ৪
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু