রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ভাইয়ের বসতঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি ঘরে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকাসহ আগুনে পুড়ে গেছে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনোগোমস্তার বাড়ির মৃত বদিউল আলমের চারপুত্রের ঘরে। পরিবারের এক সন্তান মোহাম্মদ সোহেল বলেন, আগুনে তারা চার ভাইয়ের ঘরের চারটি ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন মোহাম্মদ মনছুর আলম বলেছেন, আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা ছুটে গিয়ে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে। সংবাদ পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাউজান ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা করা হচ্ছে।











