উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। রথযাত্রা উৎসবে হাজারো ভক্তের ঢল নামে। বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা পায়ে হেঁটে ও ট্রাকে চড়ে নামসংকীর্তনসহ অংশ নেন। এসময় রথ থেকে ভক্তদের মধ্যে আশীর্বাদ ও প্রসাদ বিতরণ করা হয়।
গতকাল দুপুরের পর থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অংশ নিতে নগরী ও জেলা থেকে সাধু–সন্ন্যাসী ও ভক্তরা নগরের নন্দনকানন রথের পুকুরপাড় এলাকায় কেন্দ্রীয় রথযাত্রা, ইসকন প্রবর্তক মন্দির এবং নন্দনকাননের রাধামাধব মন্দিরের (ইসকন) বর্ণাঢ্য রথযাত্রায় অংশ নেয়ার জন্য সমবেত হতে থাকেন। বিকেল ৩টা থেকে এই তিন স্থানে পৃথকভাবে রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর আলাদা আলাদা রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া নগরের বিভিন্ন মন্দির থেকেও পৃথকভাবে রথযাত্রা বের করা হয়। এ সময় প্রবর্তক মোড়, নন্দনকানন, গোলপাহাড়, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা এবং নিউমার্কেট এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। রথযাত্রা উপলক্ষে নগরের ব্যস্ততম ১৬টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
তুলসীধাম ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব: নগরীর নন্দনকানন রথের পুকুর পাড় এলাকায় কেন্দ্রীয় রথযাত্রা উদ্যাপন কমিটির আয়োজনে রথপরিক্রমা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, তুলসীধাম ঐতিহ্যবাহী তীর্থস্থান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সামপ্রদায়িক সমপ্রীতির এক অনন্য উদাহরণ।
ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নন্দনকাননের ঐতিহাসিক রথের পুকুর পাড় আজো ঐতিহ্য ধরে রেখেছে। হাজারও ভক্তের উপস্থিতি আজ আবারও প্রমাণ করেছে, বাংলাদেশ সত্যিকারের অসামপ্রদায়িক চেতনা ধারণ করে।
মহান অতিথির বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সমপ্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ।
কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধক ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর। শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর। অ্যাড. সুজন কান্তি দে ও অনুপম দেবনাথ পাভেলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, পূজা উদযাপন পরিষদ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে, আনন্দময়ী কালী মন্দির পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাশ, সুজিত হাজারী, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণত মিত্র চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, উত্তম কুমার চক্রবর্তী, সোনারাম ধর, শ্যামদাশ ধর, সজল চৌধুরী, প্রদর্শন দেবনাথ প্রমুখ। এসময় অতিথিদের কেন্দ্রীয় রথযাত্রা উদ্যাপন কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

তুলসীধামে রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় নামযজ্ঞ, জগন্নাথ–সুভদ্রা–বলভদ্রের পূজা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও চিকিৎসা ক্যাম্প। দিনব্যাপী বিতরণ করা হয় মহাপ্রসাদ।
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথযাত্রা উৎসব: চট্টগ্রামে নগরীর প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় ছিল ভক্তের ঢল।
বিকাল ৪টায় এ উৎসব মুখর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আমি আপনাদের ভাই, বন্ধু। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দুঃখ লাগবের জন্য বৈষম্যহীন ভাবে কাজ করে যাচ্ছেন। সবার আগে বাংলাদেশ। হাজার বছরের ইতিহাসে এই ভূখণ্ডে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সমপ্রদায়ের মানুষ পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ করা আমাদের সবার দায়িত্ব।
উদ্বোধকের বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি সবসময় ঐক্যের পক্ষে। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। মেযর হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী। স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার হরিশ কুমার, রচট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, শ্রীমৎ স্বামী পরিতোষানন্দ গিরি মহারাজ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, বেসরকারী কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, ডা. যীশুময় দেব, সুমন সরকার, সুব্রত আইচ প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিগণ মিলে বেলুন উড়িয়ে জগন্নাথের রথযাত্রার শুভারম্ভ করেন। বিকাল ৪ টায় রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা প্যালেস প্রাঙ্গণে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলার ও বৈদিক সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়।
নন্দনকানন ইসকনের রথযাত্রা: নগরের নন্দনকানন ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর পৌরহিত্যে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার হারিশ কুমার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের এমপি আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য দেন– চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, মহানগর বি এন পি সাবেক সাধারন সম্পাদক জনাব আবুল হাসেম বক্কর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টি রুবেল বড়ুয়া। নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক তারন নিত্যানন্দ দাসের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, রাজিব ধর তমাল, বিপ্লব দে পার্থ, সুবল সখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী প্রমুখ। এ রথযাত্রা ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানন গৌর নিতাই আশ্রমে এসে শেষ হয়।
গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে রথযাত্রা উৎসব: গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে গতকাল মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, চট্টগ্রাম শান্তি, সমপ্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রামের মাটি ও মানুষ ঐতিহাসিকভাবেই সামপ্রদায়িক সমপ্রীতির ধারক ও বাহক। এদেশে প্রতিটি মানুষ নিজের ধর্মীয় ও নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে।
সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদুল হক বাদশা, পরিষদের উপদেষ্টা ডা. দেবব্রত ভট্টাচার্য্য, সহ–সভাপতি সাধন সিংহ, নিকেল দে, আয়ান শর্মা, পরিমল সিকদার, প্রবীর দে, প্রমুখ। শোভাযাত্রাটি গোলপাহাড় মন্দির থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়াছি বাগান রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
রাউজানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব: রাউজান পৌরসদরের জগন্নাথ সেবাশ্রমে রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী পূজা–অর্চনা, ধর্মীয় আচার–অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার নারী–পুরুষ রথযাত্রায় অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্রবধূ ফারনাজ কাদের চৌধুরী। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন এদেশের সকল সম্প্রদায়ের মানুষ মিলে আমরা একই পরিবারের সদস্য।
সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রণব চৌধুরী মিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সনাতনী সমপ্রদায় ঐক্য পরিষদের সমন্বয়ক লিটন মহাজন। রক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ–সভাপতি অশোক পালিত।










