যুক্তরাষ্ট্রে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে বিমান চলাচল বন্ধ থাকার পর তা আবার সচল হয়েছে। তবে চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকায় দেশটির বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টায় আকাশপথ আবার খুলে দেওয়া হয়। তবে বিমান উড্ডয়ন ধীরে ধীরে শুরু হবে এবং এয়ারলাইনসগুলোর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সময় লাগবে বলে সতর্ক করেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ডাফি বলেন, ‘প্রক্রিয়াটি ধীরগতিতে এগোবে।’ খবর বিডিনিউজের।
ফ্লাইট পর্যবেক্ষক কোম্পানি ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে সিবিএস নিউজ লিখেছে, যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টায় ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল হয়েছে ৪ হাজারেরও বেশি ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য বলছে, নিষেধাজ্ঞা জারির সময় ৪ হাজার ৪২টি ফ্লাইট আকাশে ছিল এবং সেগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখের বেশি যাত্রী ভোগান্তির শিকার হন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষমাণ রয়েছেন। কেউ কেউ ক্লান্ত হয়ে বসে পড়েন টার্মিনালের মেঝেতে।











