যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এ হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ইরানের জবাব হবে চূড়ান্ত এবং ব্যাপক। স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বিধ্বংসী, শাস্তিমূলক ও মারাত্মক জবাব দেবে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেন, কোনও দেশ ইরানকে যেকোনো ধরনের সহায়তা করলে তাদেরও অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার জানানো হবে বলে জানিয়েছিলেন বেসেন্ট। খবর বিডিনিউজের।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবাফ বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে, তারা সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে পারবে না। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মোকাবেলার আহ্বান জানিয়ে কলিবাফ বলেন, অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলায় আমাদেরকে পরিকল্পনা নিতে হবে যাতে, আমরা তা জয় করতে পারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও ‘মনস্তাত্ত্বিক’ যুদ্ধ চালানোর অভিযোগও করেন তিনি।











