মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে

রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চলমান জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী মৎস্যচাষিদের মাঝে উন্নত প্রযুক্তির প্রদর্শনী উপকরণ ও পোনামাছ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন চট্টগ্রাম৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় ২০২৫২৬ অর্থবছরের ১ম ধাপে মোট ৫টি সুফলভোগী গ্রুপকে এই সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও হোসনাবাদ এলাকার চাষিদের জন্য ২টি কার্প মিশ্রচাষ এবং ৩টি পাঙ্গাস মাছের প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের জন্য উন্নত জাতের পোনামাছ ও উপকরণ দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, মৎস্য চাষে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার আমাদের আমিষের চাহিদা পূরণে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখবে। সরকার চাষিদের দোরগোড়ায় সেবা ও উপকরণ পৌঁছে দিচ্ছে, এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের স্বাবলম্বী হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান। উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের এফএ মো.ওবাইদুল হক, প্রকল্পের লিফ ক্যাচিংনু মারমা প্রমুখ। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের এই উদ্যোগ এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধকোরআন বিমুখতাই বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়
পরবর্তী নিবন্ধ৫ বছরে দেশ জ্বালানি ও বিদ্যুতে দুশ্চিন্তামুক্ত হবে