পটিয়ায় মধ্যরাতে অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জব্দ হওয়া মোবাইলগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ, বিভিন্ন জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনার সময় মো. ওসমান গণিকে (২৮) আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ৫ থেকে ৬ জন জুয়াড়ি দ্রুত পালিয়ে যায়।
এ সময় আসামির কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। মোবাইল ফোনগুলোতে সংরক্ষিত বিভিন্ন অ্যাপ, আইডি, পাসওয়ার্ড ও ডিজিটাল তথ্য–উপাত্ত তদন্তে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, অনলাইন জুয়া এখন শুধু একটি অপরাধ নয়, এটি সমাজে অপরাধ প্রবণতা, আর্থিক প্রতারণা ও সাইবার অপরাধ বৃদ্ধির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ অনলাইন জুয়া, সাইবার ক্রাইম এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।












