মেসির কান্না

স্পোর্টস ডেস্ক ম | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

প্রথম গোল পেয়ে কিছু সময়ের উল্লাস। তার পরেই দেখা গেল মাথা নিচু। চোখে পানি লিওনেল মেসির। জার্সি দিয়ে মুছলেন চোখের জল। তার পর আবার শুরু করলেন খেলা। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মেসি। প্রথম গোলের পর কেঁদে ফেললেন মেসি। কারণ জানালেন পরে। খেলার পর মেসি স্বীকার করে নেন যে, কেঁদে ফেলেছিলেন তিনি। কিন্তু তার নেপথ্যে ফুটবল নয়। মেসি বলেন, ‘হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। তবে ফুটবলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। জটিল সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল। ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’ সেই কঠিন সময়ের কথা বিস্তারিত ভাবে জানাননি মেসি। তবে কঠিন সময়ে কীভাবে সতীর্থরা তার পাশে থেকেছেন সেই কথা শোনা গেছে মেসির মুখে। তিনি বলেন, ‘আমি গোটা দলের কাছে কৃতজ্ঞ। সতীর্থদের কাছে কৃতজ্ঞ। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে ভাল রাখার। ওদের এই সাহায্যের কথা ভুলব না।’ ৩৮ বছর বয়সেও গোল করে চলেছেন মেসি। মেসি বলেন, এখন খেলা উপভোগ করি। এটা কেকের উপর চেরির মতো বিষয়। দুর্দান্ত একটা দলের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। খেলা উপভোগ করছি।

এই ম্যাচেও মাঠ ভরিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। নিজের প্রতিটি গোল সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। মেসি বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের কাছে কৃতজ্ঞ। প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও সকলে মাঠ ভরিয়েছে। কাতারেও এই ছবি দেখা গিয়েছিল। আমেরিকাতেও দেখা যাচ্ছে। আমাদের সমর্থকেরা আমাদের সবচেয়ে বড় শক্তি। ওরা সব সময় আমাদের পাশে থাকে। ওদের আনন্দ দিতে পেরেছি। এটাই সবচেয়ে বড় পাওয়া।’

পূর্ববর্তী নিবন্ধমেসিই সর্বকালের সেরা
পরবর্তী নিবন্ধমেসির রেকর্ড