একটু সচেতনতা, কিছু সঠিক অভ্যাসেই সুস্থ রাখা যায় মেরুদণ্ড:
সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে গিয়ে কোমরে টান অনুভব করলেন রহিম সাহেব। বয়স মাত্র ৪২ বছর।
পেশায় ব্যাংকার। দিনের বেশির ভাগ সময় কাটে কম্পিউটারের সামনে বসে। অফিসে যাওয়ার পথে গাড়িতে বসে
থাকা, অফিসে একটানা কাজ, বাড়ি ফিরে মোবাইল ফোন দেখা, সব মিলিয়ে শরীরচর্চার সুযোগ প্রায় নেই বললেই
চলে। প্রথম দিকে ব্যথা সহ্য করে কাজ চালিয়ে গেছেন। পরে ব্যথা বেড়ে যাওয়ায় ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ কিনে খেয়েছেন। কিছুদিন আরাম পেলেও আবার ব্যথা ফিরে এসেছে। একসময় ব্যথার ভয়ে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মও কমিয়ে দিলেন।
রহিম সাহেবের এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই পরিচিত। কোমরব্যথা, ঘাড়ব্যথা কিংবা পিঠের অস্বস্তিকে আমরা কখনো অতিরিক্ত কাজের ফল, কখনো বয়সের স্বাভাবিক সমস্যা বলে এড়িয়ে যাই। অথচ মেরুদণ্ডের সুস্থতা আমাদের চলাফেরা, কর্মক্ষমতা ও জীবনযাত্রার মানের সঙ্গে গভীরভাবে জড়িত।
মেরুদণ্ড কেন এত গুরুত্বপূর্ণ?
মেরুদণ্ড আমাদের শরীরের প্রধান কাঠামোগত ভিত্তি। এটি শরীরকে সোজা রাখে, বসা ও হাঁটার সময় ভারসাম্য
বজায় রাখতে সাহায্য করে এবং মেরুরজ্জুকে সুরক্ষা দেয়। মেরুদণ্ডের হাড়ের মাঝখানে থাকা ডিস্ক গুলো চাপ শোষণ করে এবং শরীরকে নমনীয়ভাবে নড়াচড়া করতে সাহায্য করে।
মেরুদণ্ডের হাড়, ডিস্ক, জয়েন্ট, লিগামেন্ট বা আশপাশের পেশিতে সমস্যা হলে ঘাড়, পিঠ কিংবা কোমরে ব্যথা হতে পারে। কখনো স্নায়ুর ওপর চাপ পড়লে ব্যথা হাত বা পা পর্যন্ত ছড়িয়ে যায়। সঙ্গে ঝিনঝিন, অবশভাব কিংবা দুর্বলতাও দেখা দিতে পারে।
দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা, ভুলভাবে ভার তোলা, নিয়মিত ব্যায়ামের অভাব, অতিরিক্ত ওজন এবং ধূমপান মেরুদণ্ডের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তবে সব কোমরব্যথার কারণ ডিস্ক সরে যাওয়া নয়, আবার সব ব্যথার জন্য অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় না।
কোমর ব্যথা হলেই কি এমআরআই করতে হবে?
আমাদের সমাজে কোমরব্যথা হলেই অনেকে মনে করেন, মেরুদণ্ডের ডিস্ক নিশ্চয়ই সরে গেছে। কেউ কেউ
পরীক্ষা–নিরীক্ষা ছাড়াই দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খান, আবার কেউ ভয়ে স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দেন।
বাস্তবে অধিকাংশ সাধারণ কোমরব্যথা সময়ের সঙ্গে এবং যথাযথ চিকিৎসায় ভালো হয়ে যায়। রোগীর উপসর্গ, শারীরিক পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসক সিদ্ধান্ত নেন এক্স–রে, এমআরআই বা অন্য কোনো পরীক্ষা লাগবে কি না। বিপদের লক্ষণ না থাকলে সাধারণ কোমর ব্যথার শুরুতেই সবার এমআরআই করার প্রয়োজন হয় না।ব্যথা দীর্ঘস্থায়ী হলে, বারবার ফিরে এলে কিংবা হাত–পায়ে ছড়িয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আর কোমরব্যথার সঙ্গে প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ হারানো, কুঁচকির আশপাশে অবশভাব অথবা দ্রুত বাড়তে থাকা পায়ের দুর্বলতা দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে। জ্বর, অকারণ ওজন কমে যাওয়া, ক্যানসারের ইতিহাস কিংবা বড় ধরনের আঘাতের পর ব্যখা হলেও দ্রুত মূল্যায়ন জরুরি।
মেরুদণ্ড সুস্থ রাখতে কী করবেন?
মেরুদণ্ড ভালো রাখার জন্য দামি যন্ত্রপাতি বা কঠিন ব্যায়াম অপরিহার্য নয়। দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস গড়ে তোলাই হতে পারে কার্যকর পদক্ষেপ।
১. একটানা বসে থাকবেন না : অফিসে বা বাড়িতে কাজের ফাঁকে নিয়মিত উঠে দাঁড়ান, একটু হাঁটুন এবং শরীরের অবস্থান পরিবর্তন করুন। চেয়ারে বসার সময় পিঠকে যথাযথ সমর্থন দিন, পা মেঝেতে রাখুন এবং কম্পিউটারের পর্দা চোখের কাছাকাছি উচ্চতায় রাখুন।
২. নিয়মিত হাঁটুন: নিজের সামর্থ্য অনুযায়ী হাঁটা শুরু করুন। ধীরে ধীরে সময় ও গতি বাড়ান। দীর্ঘদিন নিষ্ক্রিয়
থাকার পর হঠাৎ কঠিন ব্যায়াম শুরু করা ঠিক নয়।
৩. পিঠ ও কোমরের পেশি শক্তিশালী করুন: মেরুদণ্ডকে সমর্থন দেওয়ার জন্য পেট, কোমর ও পিঠের পেশি শক্তিশালী রাখা জরুরি। উপযুক্ত ব্যায়ামের মধ্যে রয়েছে ব্রিজ এক্সারসাইজ, বার্ড–ডগ, পেটের গভীর পেশির নিয়ন্ত্রিত ব্যায়াম এবং পিঠের এক্সটেনসর পেশি শক্তিশালী করার ব্যায়াম। ব্যথার ধরন ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ফিজিওথেরাপিস্ট বা চিকিৎসকের পরামর্শে ব্যায়াম বেছে নেওয়া উচিত।
৪. সঠিকভাবে ভার তুলুন: ভারী বস্তু তোলার সময় কোমর বাঁকিয়ে ঝুঁকে না পড়ে হাঁটু ও নিতম্ব ভাঁজ করুন, বস্তুটি
শরীরের কাছাকাছি রাখুন এবং মোচড় দিয়ে ভার তোলা এড়িয়ে চলুন।
৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন: অতিরিক্ত ওজন মেরুদণ্ডের ওপর চাপ বাড়াতে পারে। সুষম খাবার, নিয়মিত শারীরিক
কার্যকলাপ ও পর্যাপ্ত ঘুম সুস্থ জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ।
৬. ব্যথা হলেই বিছানায় শুয়ে থাকবেন না: সাধারণ কোমরব্যথায় দীর্ঘদিন সম্পূর্ণ বিশ্রামের পরিবর্তে সহনীয় মাত্রায় স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া সাধারণত বেশি উপকারী। তবে ব্যথা বাড়ায় এমন কাজ ও ব্যায়াম সাময়িকভাবে পরিবর্তন করতে হবে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
ব্যথা কয়েক সপ্তাহেও না কমলে, বারবার ফিরে এলে, হাত বা পায়ে ছড়িয়ে পড়লে কিংবা দৈনন্দিন কাজ ব্যাহত করলে চিকিৎসকের পরামর্শ নিন। স্নায়ুর ওপর চাপ, সংক্রমণ, হাড়ের দুর্বলতা বা অন্য কোনো গুরুতর সমস্যার সন্দেহ থাকলে দ্রুত রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ।
চিকিৎসার উদ্দেশ্য শুধু ব্যথা কমানো নয়, বরং রোগীকে স্বাভাবিক চলাফেরা, কাজকর্ম ও দৈনন্দিন জীবনে ফিরিয়ে
আনা। অধিকাংশ ক্ষেত্রে রোগীর উপসর্গ অনুযায়ী ব্যায়াম, ফিজিওথেরাপি, জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজনীয়
ওষুধের সমন্বয়ে চিকিৎসা করা যায়। নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার লাগতে পারে, তবে সিদ্ধান্তটি নির্ভর করে রোগের ধরন ও তীব্রতার ওপর।
মেরুদণ্ডের যত্ন মানেই নিজের যত্ন:
রহিম সাহেবের মতো অসংখ্য মানুষ ব্যথাকে অবহেলা করেন, আবার কেউ কেউ অপ্রয়োজনীয় ভয় ও ভুল ধারণার
কারণে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যান। অথচ সঠিক সময়ে চিকিৎসা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর
অভ্যাস অনেক সমস্যার ঝুঁকি কমাতে ও কর্মক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
আমাদের অঙ্গীকার হোক, মেরুদণ্ডের ব্যথাকে অবহেলা করব না, আবার অযথা আতঙ্কিতও হব না। দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস বদলাব, পিঠ ও কোমরের পেশি শক্তিশালী করব এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেব। সুস্থ মেরুদণ্ড শুধু ব্যথামুক্ত থাকার জন্য নয়, স্বাভাবিকভাবে হাঁটা, কাজ করা এবং আত্মনির্ভর জীবনযাপনের জন্যও অপরিহার্য।
ডা: নাঈমা মাসরুরা : এমডি (নিউরোলজি), সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।












