রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা–বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন মীরসরাইয়ে তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ টায় মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর তৃতীয় নামাজে জানাজা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির একজন অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এসময় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। পরিবারের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান তাঁর পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে মীরসরাইয়ে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫ টায় মহাজনহাট ফজলুর রহমান কলেজ মাঠে তৃতীয় ও শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। গার্ড অব অনার সহ সালাম জানান মীরসরাইয়ের সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সিরাজউদ্দৌল্লাহ, এএসপি সার্কেল নাদিম হায়দার চৌধুরী, জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিমসহ আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
এরপর তাঁর কবরে উপজেলার বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধার সন্তানগণ ফুলেল শ্রদ্ধার্ঘ প্রদান করতে দেখা যায়।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গত বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিনই বিকেল ৫টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।













