চট্টগ্রাম জেলার বাঁশখালীতে সাগর ও নদীপথে মিয়ানমারে পাচারের সময় পৃথক অভিযানে ৫৩০ বস্তা সিমেন্ট ও দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা ও খানখানাবাদ ইউনিয়নের চৌধুরী ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ছনুয়ার খুদুকখালী ১ নম্বর পাড়ায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয় জাহাঙ্গীর আলম ও নুরুল কবিরের বসতঘরের গুদামে তল্লাশি চালিয়ে ৪৯৬ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। তবে এ সময় জড়িতরা পালিয়ে যায়। এছাড়া খানখানাবাদ ইউনিয়নের চৌধুরী ঘাট দিয়ে নদীপথে ট্রলারে সিমেন্ট পাচারের খবর পেয়ে স্থানীয় জনতা পাহারায় বসে। পরে রাত ১২টায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। রাতভর অভিযানের পর ঘটনাস্থল থেকে ৩৪ বস্তা সিমেন্টসহ দুটি ট্রাক জব্দ করা হয়। একইসঙ্গে ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ছনুয়া থেকে ৪৯৬ বস্তা এবং চৌধুরী ঘাট থেকে ৩৪ বস্তা সিমেন্ট ও দুটি ট্রাক জব্দ করা হয়েছে। চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের চিহ্নিত করার কাজ চলছে।












