মিয়ানমারে পাচারের পথে ৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

রামুতে যৌথ অভিযানে আটক ২

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুর মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ এবং দুজনকে আটক করা হয়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন ও উখিয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭)। তিনি বর্তমানে রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন। বিজিবি সূত্র জানায়, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী সীমান্তের দিকে একটি মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে নেওয়া হচ্ছেএমন তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে একটি মিনিট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা, অর্থাৎ মোট ৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ এবং দুজনকে আটক করা হয়।

রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার যাচাই করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সার ও পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে আরো ৫০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধনীতি সুদহার বহাল রেখে সংকোচনমূলক মুদ্রানীতি