বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ গত রোববার রাত ১১টায় সেন্টমার্টিন লাইটহাউজ হতে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করে। তৎক্ষণাৎ নৌবাহিনী জাহাজ ওই অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান–২’ নামক বোটটিকে আটক করে। এ সময় ওই বোটে তল্লাশি করে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং পাচারের সাথে সংশ্লিষ্ট ১১ জন ব্যক্তিকে আটক করা হয়। বোটসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫১ লক্ষ টাকা। জব্দকৃত বোট, উদ্ধারকৃত সিমেন্ট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।












