মিয়ানমারের রাখাইন রাজ্যে ভারী গোলার বিকট শব্দে এপারের টেকনাফ সীমান্ত কেঁপে ওঠেছে। এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্তের লোকজনের ধারণা, হয়ত মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনতে পাওয়া যায়।
টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রাতে সীমান্তের ওপারে বেশ কয়েকটি গোলার বিকট শব্দ শোনা গেছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। টেকনাফ সীমান্তজুড়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। টেকনাফ সীমান্তে টহল জোরদার করা হয়েছে। খবর বিডিনিউজের।
বিস্ফোরণের ঘটনায় নাফ নদীর তীরবর্তী সাবরাং, শাহপরীর দ্বীপ, টেকনাফ পৌরসভা ও হ্নীলা সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর শাহপরীর দ্বীপ সীমান্তে ব্যাপক গোলার শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেটিঘাটের বাসিন্দা আবু তালেব। তিনি বলেন, রাতে হঠাৎ করে মিয়ানমারের ওপার থেকে খুব বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এতে এবারের ঘরবাড়ি কেঁপে উঠল। তবে ওপারে ঠিক কোন এলাকায় এ ঘটনা ঘটছে এপার থেকে সেটা বলা মুশকিল।
টেকনাফ পৌরসভার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, রাতে হঠাৎ করে পরপর পাঁচ–ছয়টা বিকট শব্দ শুনেছি। প্রথমে বজ্রপাতের শব্দ মনে করেছি। পরে নিশ্চিত হয়েছি মিয়ানমারে ফের যুদ্ধ শুরু হয়েছে। আগামীকাল এইসএসসি পরীক্ষা শুরু, এই শব্দে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে আমার এলাকায়ও। নাফ নদীর ওপারে থেমে থেমে ভেসে আসছে এই বিকট আওয়াজ। এ কারণে সীমান্তে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আবারও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।










