প্রথমার্ধে উজ্জীবিত ফুটবল খেলে এগিয়ে গেল মিশর। জাগাল বিশ্বকাপে প্রথম জয়ের সম্ভাবনা। কিন্তু বিরতির পর তাদের ভুলেই ওলটপালট হলো সবকিছু। হারের শঙ্কা এড়িয়ে এক পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল বেলজিয়াম। সিয়াটলে ‘জি’ গ্রুপের ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে। ইমাম আশুরের গোলে লিড পায় মিশর। বিরতির পর আত্মঘাতী গোল করেন দলটির ডিফেন্ডার মোহামেদ হানি, বদলি নেমেই যে গোলে ভূমিকা রাখেন বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার রোমেলু লুকাকু। ১৯তম মিনিটে গোলের জন্য প্রথম শটেই সাফল্য পায় মিশর। মোহামেদ সালাহর পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ইমাম আশুর। কোনো সুযোগই পাননি গোলরক্ষক থিবো কোর্তোয়া। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। ৬৬তম মিনিটে বদলি নেমেই দলের সমতায় ফেরায় ভূমিকা রাখেন লুকাকু। ডান দিক থেকে তমাস মুনিয়েরের পাসে বক্সে শট নিতে যান অভিজ্ঞ এই স্ট্রাইকার। তাকে আটকাতে স্লাইড করেন মিশরের দুই খেলোয়াড়। ডিফেন্ডার হানির পায়ে লেগে জালে জড়ায় বল।










