২০২২ বিশ্বকাপে প্রথম খেলায় আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। চার বছর পর আরেক দক্ষিণ আমেরিকান শক্তির বিপক্ষেও লড়াই ছাড়ল না তারা। এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে জয় পেতে দেয়নি সৌদিরা। গ্রুপ ‘এইচ’–এর ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে উরুগুয়ে। প্রথমার্ধে আবদুলেলাহ আল–আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত ম্যাঙিমিলিয়ানো আরাউহোর ৮০তম মিনিটের গোলে হার এড়ায় মার্সেলো বিয়েলসার দল। চার বছর আগে কাতার বিশ্বকাপে সৌদি আরব ২–১ গোলে হারিয়েছিল তখনকার অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে। পরে সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতেছিল। সেই স্মৃতি নিয়েই এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে সৌদি আরব। শুরু থেকেই তারা বুঝিয়ে দেয়, বড় দলের বিপক্ষে শুধু রক্ষণ সামলে খেলার জন্য আসেনি। প্রথমার্ধে উরুগুয়ের খেলায় তেমন ধার ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে স্পষ্টতা ছিল কম। অন্যদিকে সৌদি আরব আক্রমণে খুব বেশি ওঠেনি, তবে যখনই উঠেছে তখনই উরুগুয়ের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছে। ৪১তম মিনিটে সেই আক্রমণ থেকেই গোল পায় সৌদি আরব। আল–জুওয়াইরের কর্নার থেকে জোরালো হেড নেন মোহাম্মদ কান্নো। উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা সেটি ফিরিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। দ্রুত প্রতিক্রিয়ায় ফিরতি বল জালে পাঠান আল–আমরি। তাতেই ১–০ গোলে এগিয়ে যায় সৌদি আরব। বিরতির পর চাপ বাড়ায় উরুগুয়ে। চাপ বাড়িয়েও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না উরুগুয়ে। শেষ পর্যন্ত ৮০তম মিনিটে আসে স্বস্তির মুহূর্ত। সানাব্রিয়ার ক্রস থেকে হেড নেন ফেদেরিকো ভিনিয়াস। বল সরাসরি আল–ওয়াইসের দিকে গেলেও তিনি সেটি ধরে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে ছয় গজ দূর থেকে কঠিন কোণ দিয়ে জালে পাঠান আরাউহো। সমতা ফেরার পরও জয়ের চেষ্টা চালায় উরুগুয়ে।












