ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথম জয় পেয়েছে হোয়াইট ফ্যালকনস। তারা ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে আগ্রাবাদ মাস্টার্সকে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগ্রাবাদ মাস্টার্সকে ব্যাটিংয়ে পাঠায় হোয়াইট ফ্যালকন। বৃষ্টির কারণে পুনঃনির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে আগ্রাবাদ মাস্টার্স সংগ্রহ করে ৯৩ রান। দলের হয়ে অধিনায়ক সুমন সাহা সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া মাসুম ১০ ও নন্দী ১০ রান যোগ করেন।
হোয়াইট ফ্যালকনের বোলারদের মধ্যে জুনায়েদ, ইমরান, রাজীব ও ইভান খান একটি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ৯৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে হোয়াইট ফ্যালকন শুরুতেই কিছুটা চাপে পড়লেও সুজন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে ৬ উইকেটের জয় নিশ্চিত করে দলটি।
সুজন দাস ৪৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া হাসান রাজীব ১৩ ও আসাদ ১১ রান করেন।
আগ্রাবাদ মাস্টার্সের হয়ে আদনান তালুকদার ২টি এবং সুমন সাহা ও আলমগীর জুয়েল ১টি করে উইকেট লাভ করেন। হোয়াইট ফ্যালকনের সুজন দাস ম্যাচসেরা নির্বাচিত হন। ম্যাচ শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন–অর–রশীদ।











