জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমানের ভূমিকা নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আগের বক্তব্য উদ্ধৃত করায় সংসদে পাল্টা ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের ইসলামির আমির।
গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাজেট ঘাটতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দৃঢ়তা’ ও ‘দক্ষতার’ কথা বলেন। এ সময় শফিকুর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করেন এমপি মিল্লাত। তিনি বলেন, কারণ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে আমাদের বিরোধীদলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন, তা হল তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে আমাদের সাথে, আন্দোলনের প্রধান নায়ক আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন তিনি দূরে থেকেও জাতিকে আমি বলব অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থান থেকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসেছি ইনশাআল্লাহ। এটা তার মুখের কথা। খবর বিডিনিউজের।
এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে মিল্লাতের উদ্ধৃতি নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, ধন্যবাদ জনাব রশিদ জামান মিল্লাত সাহেবকে, উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃত্তি দিয়েছে, হ্যাঁ আমিও বক্তব্য রেখেছি কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি এই সময়টা ছিল চব্বিশের এপ্রিল মাস আর পরিবর্তনটা হয়েছে চব্বিশের অগাস্টের পাঁচ তারিখ। অগাস্টের পাঁচ তারিখের পরে আমার এই বক্তব্য। গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কাউকে দেওয়ার কথা বিরোধিতা করে শফিকুর বলেন, ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে আমার মনে হয় আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি ভালোবাসি। তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে।
মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, এমনকি ডক্টর ইউনুস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। তিনি বলেন, আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।











