মাশহাদে চিরশায়িত খামেনি

জনসমুদ্রে ট্রাম্প বিরোধী স্লোগান

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শেষকৃত্যে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

গতকাল বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ মাশহাদে নেওয়া হয়। সেখানে ইমাম রেজা (.)-এর মাজারসংলগ্ন এলাকায় তাঁকে দাফন করা হয়। জীবদ্দশায় এখানেই দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। খবর বাংলানিউজের।

দাফনের আগে অনুষ্ঠিত জানাজা ও শোকমিছিলে লাখো মানুষ অংশ নেন। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি। এ সময় যুক্তরাষ্ট্রবিরোধী এবং ট্রাম্পবিরোধী স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটি অংশ ট্রাম্পকে হত্যার হুমকিসূচক স্লোগানও দেয়।

এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হলে সেখানেও বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানান। গত কয়েক দিন ধরে ইরান ও ইরাকজুড়ে তাঁকে ঘিরে শোকানুষ্ঠান, জানাজা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছিল।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় শেষকৃত্য ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে দেশজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই খামেনির দাফন সম্পন্ন হলো।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর আশঙ্কায় ট্রাম্প, বললেন ইরানের হত্যার তালিকায় আমি এক নম্বরে
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ