যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, তাকে হত্যার ছক কষছে ইরান। মাঝ–আকাশে তার বিমানে হামলা হতে পারে। এই আশঙ্কার মাঝে ট্রাম্পের দাবি, ইরান সবসময় তার জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি এবং তিনি দেশটির হত্যার তালিকায় ‘এক নম্বর লক্ষ্যবস্তু’। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ –এ সফররত সাংবাদিকদের সিটের পাশের জানালার পর্দা হঠাৎ করেই পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই ঘটনার পরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন মন্তব্য করেন। সাংবাদিকরা যখন ট্রাম্পের কাছে জানতে চাইলেন, ‘হঠাৎ জানালার পর্দা কেন বন্ধ করতে বলা হল?’ তখন ট্রাম্প উত্তর দিলেন, ‘কারণ আমাদের যেসব নোংরা লোকের (ইরানিদের) মুখোমুখি হতে হচ্ছে, তাদের কারণে আমাদের এই ফ্লাইটটি এখন বেশ ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। এরা আসলে খুবই অসুস্থ মানসিকতার লোক।’ খবর বিডিনিউজের।
ইরানের কাছ থেকে ট্রাম্পের ব্যক্তিগত কোনও হুমকি রয়েছে কি না, অপর এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার ওপর সবসময়ই হুমকি থাকে। তাদের তালিকায় আপনাদের সবার আগে আমি এক নম্বরে আছি।’
সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘তবে মনে রাখবেন, আমি মারা গেলে আপনারাও মারা যাবেন।’ এমন বিপজ্জনক পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প রসিকতার ছলে সাংবাদিকদের এই পেশা বদলে ফেলারও পরামর্শ দেন।












