মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ এইচপি দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও মালয়েশিয়াকে ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের তরুণরা। ফলে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তারা। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান আদিল বিন সিদ্দিকের। উইকেটকিপার এই ব্যাটার ১১১ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেন ১৩৫ রান। তাকে দারুণভাবে সঙ্গ দেন খালিদ হাসান। ৮৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৩ রান করেন তিনি। জাওয়াদ আবরারও ছিলেন আগ্রাসী। মাত্র ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন এই ব্যাটার। এ ছাড়া মঈনুল ইসলাম তন্ময় ৩০ রান করেন। রিজান হোসাইন ১৫, আহরার আমিন পায়েন ২৪ এবং শেখ পারভেজ জীবন ২৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের ৩৬৯ রানের জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ৩১.৪ ওভারে মাত্র ১৩২ রানে অলআউট হয় তারা। ফলে ২৩৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।












