মার্কিন শেয়ারবাজারে ধস, একদিনেই উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে বড় দরপতনের মুখে পড়েছে দেশটির শেয়ারবাজার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়াল স্ট্রিটে এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার বা ২.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে বিভিন্ন কোম্পানি। খবর বাংলানিউজের।

এর প্রভাব ছড়িয়ে পড়েছে এশিয়ার বাজারেও। শুক্রবার (৬ নভেম্বর) লেনদেনের শুরুতে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ কমে গেলে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি ১০ শতাংশের বেশি নেমে সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে।

২০২৫ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের পতন। একই দিন ডাও জোনস ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারিয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচকেও বড় পতন হয়েছে। এর আগের দিন বুধবার মধ্যবর্তী নির্বাচনের পর ডাও জোনস ১ হাজার ৫৬৯ পয়েন্ট এবং নাসডাক ১ দশমিক ৪৪ শতাংশ বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই উত্থানের সব অর্জন মুছে যায়।

বাজারে দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয়কে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ
পরবর্তী নিবন্ধজলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ