‘মানুষগুলো এভাবে কতদিন থাকবে, সেটাই প্রশ্ন’

৬২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ১০ জন । শেরপুরে ‘পুশইন’ রুখে দেওয়ার দাবি বিজিবির, সীমান্তে মাইকিং

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

বিএসএফের ঠেলে দেওয়া ১০ নারীপুরুষ ও শিশু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে ৬২ ঘণ্টার বেশি সময় ধরে রোদবৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে দিনরাত পার করছেন। তারা মানবেতর অবস্থায় রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। গত শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও বাংলাদেশ বা ভারত কোনো পক্ষই তাদের গ্রহণে রাজি হয়নি। উপরন্তু গতকাল রোববার দুপুরে বিএসএফ ফের তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি প্রতিরোধে সেটি ব্যর্থ হয়। খবর বিডিনিউজের। বর্তমানে সীমান্তের ওই এলাকায় বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দুপুরে সীমান্তে দেখা যায়, শূন্যরেখায় জমির একটি আইলে (উঁচু স্থান) পাঁচ পুরুষ, দুই নারী ও তিন শিশু বসে আছে। তাদের মাথার উপর কোনো ছাউনি নেই। দীর্ঘ সময় ধরে রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা সেখানে অবস্থান করছেন। দুই পাশে ভারি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী। স্থানীয় কয়েকজন উৎসুক বাসিন্দা প্রতিদিনই সীমান্তের এই জায়গায় আসেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। ১০ জন মানুষের কাছে পৌঁছাতে না পারলেও তারা দূর থেকে দাঁড়িয়ে তাদের অবস্থান দেখতে পান। তারা বলছিলেন, শুক্রবার ভোর থেকে মানুষগুলো সেখানে অবস্থান করছেন। জমিটিতে পানি জমে রয়েছে। শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যেও তারা একই স্থানে ছিলেন। তাদের সঙ্গে থাকা বিশুদ্ধ খাবার পানি ও খাবার ফুরিয়ে যাওয়ার কথা। ফলে বাধ্য হয়েই তাদের হয়ত জমিতে জমা জল খেতে হচ্ছে। স্থানীয় স্কুলশিক্ষক আজিজুল বলেন, এদের কেউ কোনো কারণে মারা গেলে এর দায় কে বা কোন দেশের সরকার বহন করবে। মানবতার জন্য যদি আইন হয়, তবে এমনটি কেন?

শেরপুরে ‘পুশইন’ রুখে দেওয়ার দাবি : এদিকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ‘পুশইনের’ চেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে বিজিবি। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। বিজিবি৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ এ তথ্য জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধশত্রুতার আগুন নারিকেল গাছে