মুসল্লিদের সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনি, দরুদ–সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে লোহাগাড়ার চুনতিতে শেষ হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম সীরাতুন্নবী (সা.) মাহফিল। গতকাল শনিবার চুনতির শাহ্ মনজিল সীরত ময়দানে সমাপনী আয়োজনে বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়, ঐক্য ও মানবিকতা প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক আহমদ এবং অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, শাহজাহান চৌধুরী এমপি ও নাজমুল মোস্তফা আমিন। সঞ্চালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন। সমাপনী বক্তব্যে শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত ১৯ দিনের আয়োজন সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সমাপনী দিনে বিষয়ভিত্তিক বক্তব্য দেন–বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলা উদ্দিন ইমামী, সাবেক ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম. খালেদ হোসাইন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বি এম মুফিজুর রহমান আজহারী, চবি আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ ক ম আবদুল কাদের, মুফতি মাওলানা আলী হাসান ওসামা। বক্তারা বলেন, ইসলাম কেবল ধর্মীয় আচার–অনুষ্ঠানের নাম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রাসূল (সা.)-এর বিদায় হজের ভাষণে মানবিকতা, ন্যায়, সাম্য ও ঐক্যের যে শিক্ষা রয়েছে, তা অনুসরণ করলেই সমাজের বিভাজন, অশান্তি ও নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












