শুধু আইন প্রয়োগ করে নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, একটি পরিবারের নির্যাতনের ঘটনা পুরো সমাজের একটি ক্ষত। নির্যাতন প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জ্বলে উঠতে হবে। মানুষের মধ্যে মানবিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।
গতকাল নগরীর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই।’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে রচিত উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) প্রচারাভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ও ফটোবুথ উন্মুক্ত করা হয়। সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার চিত্র, নারীদের সাফল্য, সম্ভাবনা ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস। সভায় বক্তব্য দেন ঘাসফুলের সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জনি রোজারিও, কারিতাসের চয়ন হিউবার্ট রিবেরু, প্রত্যাশির মোহাম্মদ সেলিম, আইডিএফের রেহানা আক্তার, উইমেন পসিবিলিটির সানজুমা আক্তার, ওয়াইএএসডির অমিত দাশ, ব্র্যাকের মো. মহিন উদ্দিন, ইলমার জেসমিন সুলতানা পারু, লিরোর নূরজাহান খান ও বিএনপিএসের এরশাদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত প্রায় ৪৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কর্মকর্তা, নারী নেত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।












