মাতারবাড়ীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে টমটমের চাকায় পিষ্ট হয়ে রাইয়ান নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক দেড়টায় মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের জেলে রিদুয়ানের পুত্র।

স্থানীয়রা জানান, শিশু রাইয়ান রাস্তায় খেলা করার সময় সড়ক পারাপারের চেষ্টা করলে দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কে প্রায়ই যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে এবং বাজার সংলগ্ন হওয়ায় সেখানে সবসময়ই মানুষের ভিড় থাকে। বিশেষ করে শিশুদের চলাচল বেশি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা টমটম গাড়িটি জব্দ ও চালককে আটক করে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, শিশুটি হঠাৎ সড়কে উঠে পড়লে দ্রুতগতির টমটমটি তাকে ধাক্কা দেয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়রা চালককে আটক করেছে। আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার শেষ, প্রথম দফা ভোট আজ