বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের আয়োজনে ‘মাঠপর্যায়ে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে আন্তঃদাপ্তরিক সহযোগিতা ও সমন্বয় ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার গত ১৮ জুন চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। আলোচক ছিলেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরামুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মাঠপর্যায়ের এই বিশাল সেবামূলক কর্মসূচির কোন একটি ছোট্ট বার্তা একজন অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। তিনি মাঠপর্যায়ে চলমান সমাজসেবা অধিদপ্তরের সকল সেবা গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম বিভাগের সকল দপ্তর ও সংস্থাকে কার্যকর ভুমিকা পালনের আহবান জানান। প্রবন্ধ উপস্থাপনকারী সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সঠিক সময়ে সঠিক বার্তার মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, কিংবা সরকারি অনুদান পাওয়ার সুযোগ তৈরি হয়। যেমন সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বা বিনামূল্যে ওষুধ পাওয়ার স্থান ও সময় সম্পর্কিত তথ্য। এছাড়া প্রসূতি মায়েদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীর নম্বর জীবন বাঁচাতে পারে। বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মাঠপর্যায়ে প্রবীণ, অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণ কর্মসূচি, শিশু ও প্রতিবন্ধী সুরক্ষাবান্ধব বহুবিধ কর্মসূচির মাধ্যমে ব্যাপক কর্মযজ্ঞ সম্পাদন করে যাচ্ছে, যা সরকারের বহু বিভাগ ও দপ্তর জানেনা।
আজকের এই সেমিনারের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের সকল দপ্তর ও সংস্থা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গণমানুষের কল্যাণে সাধিত সকল কার্যক্রমভিত্তিক সেবা বিষয়ে জানার সুযোগ তৈরি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











