মানুষের জীবনের শুরু মাটিতে, আর মৃত্যুর পর শেষ আশ্রয়ও এই মাটি। অথচ এই অল্প সময়ের জীবনে মানুষ কত সহজেই অহংকারে মেতে ওঠে! কেউ অর্থের দম্ভে, কেউ ক্ষমতার গর্বে, কেউবা নিজের পরিচয়ের অহমে অন্যকে তুচ্ছ করে। ভুলে যায়, যে মাটির ওপর দাঁড়িয়ে এত অহংকার, একদিন সেই মাটির বুকেই নিতে হবে শেষ আশ্রয়। আকাশ মানুষকে উচ্চতার স্বপ্ন দেখায়, আর মাটি শেখায় বিনয়। আকাশ হয়তো দূর থেকে চোখ ধাঁধিয়ে দিতে পারে, কিন্তু মাটি বাস্তবতাকে আড়াল করে না। মানুষ যত উঁচুতেই উঠুক, তার পা রাখতে হয় মাটিতেই। তাই বড় হওয়া মানে অন্যকে ছোট করা নয়; বরং উচ্চতায় পৌঁছেও বিনয়ী থাকতে পারাই প্রকৃত বড়ত্ব। জীবনের শেষ শোভাযাত্রায় থাকে না সম্পদের দম্ভ, ক্ষমতার প্রভাব কিংবা পরিচয়ের জৌলুশ। থাকে কিছু মানুষের কাঁধ, কয়েক ফোঁটা অশ্রু আর একটি কাফন। যে মানুষটি একদিন অন্যকে অবহেলা করেছে, তাকেও একদিন অন্যের কাঁধে চড়ে শেষ ঠিকানায় যেতে হবে। সেদিন তার পদমর্যাদা নয়, তার রেখে যাওয়া স্মৃতিই মানুষের মনে কথা বলবে। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে কোনো অবস্থানই চিরস্থায়ী নয়। শেষ পর্যন্ত মাটিই হবে আমাদের আশ্রয়। যে মাটির ওপর দাঁড়িয়ে আজ এত অহংকার, একদিন সেই মাটির বুকেই থেমে যাবে জীবনের সব আয়োজন। মৃত্যুর কাছে মানুষ অসহায়, আর মাটির কাছে তার শেষ পরাজয়।












