মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা খাল এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি লাইসেন্সবিহীন ভাসমান তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ও ১টি লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী দোকানসহ মোট ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, অভিযানে মেসার্স ওসাম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়। লাইসেন্স বিহীনভাবে তেল বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানে অপর পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে রাসেল এন্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক উপস্থিত হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়। অন্য চারটি প্রতিষ্ঠানের মালিক কিংবা কোনো কর্মচারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এসব প্রতিষ্ঠানও পরিদর্শন শেষে সিলগালা করে দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, বর্তমানে মোট ছয়টি প্রতিষ্ঠানই সিলগালাকৃত অবস্থায় রয়েছে। লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া তেল বিক্রয়সহ আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












