টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে– এমন খবর পেয়ে মঙ্গলবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। খবর বাসসের।
অভিযানে নাফ নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভিতর প্রবেশ করে। পরে চক্রের সদস্যরা সেটি রেখে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি বিদেশি রাইফেল (ম্যাগজিনসহ), ১টি ৯ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও ২টি এমএ–১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি জানান, এ চক্রের সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












