সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারিন আক্তার (৩০) নামে এক নারী ও তার ২২ মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারিন আক্তারের স্বামীও। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও তিনি চাকরির সুবাদে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে স্বামীর সাথে শিশু সন্ত্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ভাটিয়ারী গলফ ক্লাবে ঘুরতে যান। পরে বাসার ফেরার সময় বিএম গেট এলাকা অতিক্রমকালে একইমুখী একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দিলে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়েন তারিন আক্তার ও তার শিশু সন্তান। এ সময় তারিন আক্তার ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তার স্বামী ও সন্তানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে শিশু সন্তানের মৃত্যু ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক বলেন, ভাটিয়ারী এলাকায় অবস্থিত গলফ ক্লাব থেকে স্বামীসহ বেড়ানো শেষে বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনাটি ঘটে। এতে বিভাগীয় কমিশনার অফিসের অফিস সহকারী তারিন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন নিহতের স্বামী ও শিশু সন্তান ইয়াশা। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইয়াশাও মারা যায়। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে যাওয়া সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের এক অফিস সহকারীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। আমি যাওয়ার আগেই লাশটি নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।













