মহানগর স্কুল হ্যান্ডবল লিগ ১৪ মে শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফোর এইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লিগ (বালক–বালিকা) আগামী ১৪ মে বৃহস্পতিবার লালদীঘির মাঠে বেলা ২.৩০ টায় শুরু হচ্ছে। লিগ শুরু উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন জেলা স্টেডিয়ামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী এতে সভাপত্বিত করেন। ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির সম্পাদক মনোরজ্ঞন সাহা লিখিত বক্তব্যে জানান এবারের বালক বিভাগে ৯টি দল অংশ নেবে। দলগুলোকে ‘ক’ ও ‘খ’ গ্রুপে ভাগ করা হয়েছে। বালিকা বিভাগে ৮টি দল অংশ নেবে। এ দলগুলোকেও ‘ক’ এবং ‘খ’ দুই ভাগে ভাগ করা হয়েছে। পরে বালক ও বালিকা দুই গ্রুপের শীর্ষ পয়েন্ট অর্জনকারী মোট ৪টি দল ফাইনাল খেলায় অবতীর্ণ হবে। হ্যান্ডবল লিগ উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহর সিরাজ জামিল। লিগে বাজেট ধরা হয়েছে ৫ লক্ষ টাকা। স্পন্সর প্রতিষ্ঠান এ অর্থ প্রদান করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সহ–সভাপতি ও হ্যান্ডবল কমিটি ভাইস চেয়ারম্যান মো. ইবাদুল হক লুলু, চ.ম.ক.স এর যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, মাহবুব উল আলম মুকুল, দেবাশিষ বড়ুয়া দেবু, মোহাম্মদ মারুফ, আব্দুল গফুর পন্টি হ্যান্ডবল কমিটির সদস্য আলমগীর আলম, আমাতুল খায়ের সেতু প্রমুখ। উল্লেখ্য বিগত ৩৪ বছর ধরে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা হ্যান্ডবল লিগের আয়োজন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধচমকস কর্মকর্তাদের সাথে ফারুক-ই-আজমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধঋতুপর্ণার বাড়ি নির্মাণে জটিলতা নিরসনে প্রতিনিধি দল রাঙামাটিতে