প্রথমবারের মতো চার দিনব্যাপী হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিজেকেএস জিমনেশিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসাইন মটরসের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক মোট ১২১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বিভিন্ন ইভেন্টের মোট ৩২ টি খেলা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মো. শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। প্রধান অতিথি হাসান মো. শওকত আলী বলেন এই প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম থেকে নতুন কিছু প্রতিভার সন্ধান পাওয়া যাবে যারা আগামীতে ব্যাডমিন্টন তথা দেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রামের সুনাম বৃদ্ধি করবে। টুর্নামেন্টের বিশেষ অতিথি মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, এই সুন্দর আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজে গর্বিত বোধ করছি। আগামীতেও আপনাদের পাশে থাকব। বৃহস্পতিবার সন্ধ্যায় সিজেকেএস জিমনেসিয়ামে উপ–পুলিশ কমিশনার (সিটিএসবি), সিএমপি ও চেয়ারম্যান, ব্যাডমিন্টন কমিটি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা মো. গোলাম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া, ডিসি (সদর) ফেরদৌস আলী চৌধুরী, ডিসি (ট্রাফিক) মোহাম্মদ লিয়াকত আলী খান, মহানগর ক্রীড়া সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ নওশাদ আলম সহ সংস্থার কর্মকতা, ব্যাডমিন্টন কমিটি ও উপ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












