মহসিন কলেজ চট্টগ্রাম এইচএসসি ৯৩ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামএর এইচএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে সমন্বয় করেন আইআইইউসির প্রোভাইস চ্যান্সেলর ও কলেজের ৯৩ ব্যাচের বন্ধু প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ব্যাংকার নিয়াজ রাশেদ। অতিথিবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মহসিন কলেজ ৯৩ ব্যাচের এই পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কর্মসূচিতে মহসিন কলেজ এইচএসসি ’৯৩ ব্যাচের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা পরিবেশবান্ধব এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মের নামে জামায়াতের অপরাজনীতির ব্যাপারে সতর্ক থাকতে হবে
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচি