ব্রাজিলের বিজ্ঞানীরা ডেঙ্গু ঠেকানোর ভিন্নধর্মী একটি পদ্ধতি পরীক্ষা করে বড় ধরনের সাফল্য পেয়েছেন। মশা মেরে ফেলা বা কামড় থেকে বাঁচার চেষ্টা না করে, তারা মশার শরীরে এক ধরনের ক্ষতিহীন ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিচ্ছেন। খবর বিডিনিউজের।
বিশ্বের যেসব দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি, ব্রাজিল তার মধ্যে অন্যতম। সেই ব্রাজিলের হাজার হাজার শিশুর ওপর চালানো একটি বড় গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। শনিবার এক আন্তর্জাতিক সম্মেলনে সেটিই তুলে ধরেছেন গবেষকরা। বিজ্ঞানীরা বিশেষভাবে তৈরি লাখ লাখ মশা প্রকৃতিতে ছেড়ে দেওয়ার পর পরীক্ষা চালান। মশাগুলোর দেহে উলবাচিয়া নামের এক ধরনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যাকটেরিয়া মশার পেটের ভেতর ডেঙ্গু ভাইরাস বাড়তে দেয় না। পরীক্ষায় দেখা গেছে, এই পদ্ধতি কাজে লাগানোর পর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৬৮ দশমিক ৫ শতাংশ (প্রায় ৭০ ভাগ) কমে গেছে। মশার কামড়ে মানুষের যেসব রোগ ছড়ায়, সেগুলো ঠেকাতে মশার ভেতরে পরিবর্তন আনার এটিই সর্বসামপ্রতিক উদ্যোগ। গবেষণার ফল এমন এক সময়ে সামনে এল, যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ভয়াবহভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ১৯৪০–এর দশকের পর যুক্তরাষ্ট্রে এটিই ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপগুলোর একটি বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের গবেষণায় যুক্ত ছিলেন না এমন এক বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড হ্যামার বার্তা সংস্থা এপি–কে বলেন, এটি সত্যিই দারুণ একটি খবর। ভবিষ্যদ্বাণী করে তিনি বলেন, আরও বেশি পরিমাণে এই উলবাচিয়া ব্যাকটেরিয়াবাহী মশা কাজে লাগানো হলে বিশ্বের অনেক জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ অনেক নিচে নামিয়ে আনা সম্ভব হবে।
গবেষণায় কী করা হয়েছিল? : ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)-এর গবেষকদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক দল ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দক্ষিণ–পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে গবেষণা পরিচালনা করে। বিজ্ঞানীরা এডিস ইজিপ্টি মশার শরীরে উলবাচিয়া ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেন। ব্যাকটেরিয়া মানুষের কোনও ক্ষতি করে না, তবে মশার মাধ্যমে কিছু ভাইরাস ছড়ানোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। পৃথিবীর প্রায় ৫০ শতাংশ পোকামাকড়ের শরীরে প্রাকৃতিকভাবেই এই ব্যাকটেরিয়া থাকে, কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এবং ইয়েলো ফিভারের মতো রোগ ছড়ানোর জন্য দায়ী এডিস ইজিপ্টি মশার শরীরে এটি থাকে না। এরপর গবেষকরা সেই মশাগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেন এবং পরবর্তীতে দৈবচয়ন (লটারি) পদ্ধতিতে ৫ হাজার ৭০০ শিশুর শরীরে ডেঙ্গুর লক্ষণ আছে কি না তা পরীক্ষা করেন।










