মন ভালো তো সব ভালো!

দীনা মরিয়ম | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

কত রকমের অনুভূতি ভেসে বেড়ায় মহাবিশ্বে! কত কথার ফুলঝুরি পৃথিবীতে কত শব্দ, কত ধ্বনি, কত বাক্য! সেখান থেকে কিছু কথা গুছিয়ে নিলেই গল্প–উপন্যাস হতে পারে, কিছু বাক্য সাজিয়ে লিখলেই কবিতা, আর পরপর কয়েকটি ধ্বনি–অক্ষর বসিয়ে দিলেই শব্দগুচ্ছ হয়ে উঠতে পারে প্রকাশিত প্রেম।

শতসহস্র অনুভূতি থেকে ভালো লাগাটুকু টেনে নিলেই জীবন হয়ে উঠতে পারে সুখময়। কিন্তু ওই যে কবি বলেছেন ‘ভালো জিনিস কম বলেই তা ভালো, নইলে নিজেদেরই ভিড়ে তা হয়ে যেত মাঝারি।’ কথাটাকে আমরা সিরিয়াসলি নিয়ে নিয়েছি। আমরা শুধু ভালোটা বেছে নিই না, তার সঙ্গে খুঁজে খুঁজে খারাপও নিই। যেখানে খারাপ কিছু খুঁজে পাই না, ভালো কিছুর ভেতর থেকে খারাপ খুঁজে বের করি, নয়তো নিজ উদ্যোগে খারাপ করে দিই। আর এতেই আমরা সিদ্ধহস্ত!

আমরা বিশ্বাসের সঙ্গে ‘অ’ যোগ করি, মুহূর্তেই তা হয়ে যায় অবিশ্বাস। রুচির সঙ্গে ‘কু’ জুড়ে দিই আর সংস্কৃতির সঙ্গে ‘অপ’। শুধু কি তাই? ভালোবাসায় ‘ইগো’ জুড়ে দিই, প্রেমে সন্দেহ, সংসারে কলহ আর সমাজে অস্থিরতা। কেউ ভালো কিছু করতে গেলে আমরা বের করার চেষ্টা করি, এর পেছনে কী কী কুমতলব আছে। কেউ একটা বড় কাজের উদ্যোগ নিয়েছে, তাকে মনোযোগ দিয়ে কাজটি করতে দিই না; কাজের প্রথম পদক্ষেপ থেকেই ভুল ধরতে শুরু করি। কেউ সাজতে বসেছে তো বেস মেকআপ থেকেই নির্দেশনা দিতে শুরু করি। সবকিছুর মাঝেই খুঁত খুঁজতে শুরু করি।

সত্যি বলতে কী, আমরা যা দেখতে চাই, প্রকৃতি তা–ই আমাদের দেখায়। যা ভাবি, তা দিয়েই আমাদের চারপাশটা ভরিয়ে দেয়। যা বলি, তা–ই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে নিজেদের কানে। যা করি, তারই প্রতিফলন হয় আমাদের জীবনে। এক কথায় বলা যায়, আমরা যা ভাবি, বলি ও করি, তার সমন্বয়ই জীবনের প্রতিরূপ। প্রশ্ন হলো, আমার ভাবনা, আমার কথা, আমার কাজ আমি ইচ্ছা করলেই ইতিবাচক ধারায় বইয়ে দিতে যখন পারি, তখন কেন তা নেতিবাচকতায় ভরিয়ে তুলব? ছোট ছোট মুহূর্তের সংযোগই যেখানে মহাকাল, সময়ের একটি ক্ষুদ্র অংশ চলে যাওয়া মানে জীবন ছোট হয়ে যাওয়া, সেখানে একটি মুহূর্তও কেন আমি ভুল পথে ব্যয় করব?

হ্যাঁ, জীবনটা আমার, আমি যা খুশি করতে পারি। আমার জীবন আমি হেসে উড়িয়ে দিতে পারি, কেঁদে ভাসিয়ে দিতেও পারি, আবার কর্মের ফ্রেমে বাঁধিয়েও রাখতে পারি। কবি তো এ কথাও বলে গেছেন ‘ সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়।’ এই কথাটিকেও আমরা সিরিয়াসলি নিতে পারি।

জন্ম থেকে মৃত্যুর দিকে যাওয়ার পথটার নামই বেঁচে থাকা। এই বেঁচে থাকাটা মিষ্টি গুনগুন হয়ে ভেসে বেড়াবে, নাকি কবির সেই বৃদ্ধ ওক গাছের বুকে বিঁধে থাকা তীরের ফলা হবে, তার নির্ধারক আমরা নিজেরাই। আপনার স্পর্শ কারও সান্ত্বনা হবে, না আঘাত সেটা নির্ভর করে আপনার ওপর। কী ভাবছেন? এসব কী বলছি, কার হয়ে বলছি, কী মতলবে বলছি? এভাবে ভাববেন না, ইতিবাচক হোন দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

আসুন, আমরা একসঙ্গে ভালো কিছু ভাবি, ভালো কিছু বলি, ভালো কিছু করি মন ভালো হবে, আর মন ভালো তো সব ভালো! আমরা সবাই ভালো থাকব। আসা–যাওয়ার মাঝের এই পথটুকু হয়তো এভাবেই অর্থপূর্ণ হয়ে থেকে যাবে পৃথিবীর বুকে।

পূর্ববর্তী নিবন্ধওরা এগার জন এবং আমেরিকার গণতন্ত্র!