মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার দাবি এবং হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে যায়। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়িয়েছে। খবর বাংলানিউজের।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছেছে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তে চলেছে দুই ধরনের অপরিশোধিত তেলের দাম। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।
হুথি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সূত্র: আল–জাজিরা












