ভাড়া পুনঃনির্ধারণে বিআইডব্লিউটিএর নির্দেশনা

জমে উঠেনি সেন্টমার্টিনের পর্যটন শিল্প

শাহেদ মিজান, কক্সবাজার | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন ভ্রমণের জন্য দীর্ঘদিন অনেকটা হাহাকার করেছিলো পর্যটকরা। মুখিয়ে ছিলেন কখন খুলবে সেন্টমার্টিন ভ্রমণ প্রবেশ। অবশেষে চলতি মাসের শুরুতে সরকার ভ্রমণ অনুমতিতে এই প্রবাল দ্বীপে ভ্রমণের জন্য হুমকি খেয়ে পড়ে ভ্রমণপ্রেমীরা। কিন্তু শুরুতেই হতাশ হতে হয়েছে। জাহাজের অসহনশীল ভাড়ার কারণে সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলেছে পর্যটকরা। এতে যাত্রী কম পেয়ে বিপাকে পড়েছে চলাচলকারী জাহাজগুলো। একই সাথে দ্বীপের হোটেলসহ অন্যান্য পর্যটন ব্যবসাও আশানুরূপ জমে উঠেনি। এই প্রেক্ষাপটে জাহাজের ভাড়া আরো কমিয়ে মূল্য পুনঃনির্ধারণ করার জোর দাবি উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সর্বনিম্ন রাউন্ড ট্রিপ টিকিটের দাম গত বছরের তুলনায় ৭০০ টাকা বেড়ে ৪ হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে। এর সঙ্গে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত ও দ্বীপে অবস্থানের খরচ যুক্ত হয়ে ব্যয় আরো বাড়ছে। ফলে দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক প্রবেশের অনুমতি থাকলেও যাচ্ছেন আরো কম পর্যটক। এদিকে উচ্চভাড়ার বিষয়টি নিয়ে ভাবছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জাহাজের ভাড়া পুনর্নির্‌ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকি এবং অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকারি এই সংস্থাটি।

জানা গেছে, এ বিষয়ে গত সোমবার সংস্থাটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, সেন্ট মার্টিনের রুট পারমিট পাওয়া ও আবেদন করা নয়টি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ৪ হাজার ৬০৪ জন। এর বিপরীতে দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। তবে মৌসুমের শুরুতে চলাচল করা তিনটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন হলেও প্রতিদিন গড়ে মাত্র ৫০০ থেকে এক হাজারের কিছু বেশি পর্যটক পরিবহন করা হচ্ছে– যা প্রত্যাশার অনেক কম।

জানা গেছে, জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া গত মৌসুমে সাড়ে ৩ হাজার টাকা থাকলেও এবার তা বাড়িয়ে ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে ভাড়া বেড়েছে ২০ শতাংশ। পর্যটকদের অভিযোগ, জাহাজ ভাড়া, ঘাটে যাতায়াত ও অন্যান্য ব্যয় মিলিয়ে পরিবার নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

গতকাল কক্সবাজারে শহরে কথা হলে কুমিল্লা থেকে আবদুল বাসির বলেন, আমি পরিবার নিয়ে প্রতিবছর সেন্টমার্টিন বেড়াতে যেতে চেষ্টা করি। সেখানে আমার খুব ভালো লাগে। কিন্তু এবার যে হারে ভাড়া বাড়ানো হয়েছে তাতের আমাদের মধ্যবিত্ত পরিবার বড় দল নিয়ে সেন্টমার্টিন বেড়াতে অতি বিলাসিতা; আবার অনেকটা অসম্ভবও!

তবে ঘোষিত ভাড়াকে অযৌক্তিক মনে করেন না জাহাজ মালিকরা। তারা বলছেন, সময় ও তেলের দামসহ অন্যান্য সরঞ্জামে বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে জাহাজের টিকের মূল্য নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘কয়েক মাসের পর্যটন মৌসুমের জন্য জাহাজগুলোকে সারা বছর পরিচালন ব্যয় বহন করতে হয়। তবে সাধারণ পর্যটকদের সুবিধার জন্য ডেক ও ইকোনমি শ্রেণীর ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হলে জাহাজ মালিকদের আপত্তি থাকবে না।’

সমপ্রতি অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সভায় জাহাজ মালিকরা সাধারণ শ্রেণীর একমুখী টিকিটের ভাড়া ২ হাজার ১০০ টাকা প্রস্তাব করেন। তাদের হিসাবে, এর মধ্যে ভ্যাট, এজেন্ট কমিশন, পরিবেশ ফি, বিভিন্ন সরকারি ফি এবং পরিচালন ব্যয় বাবদ ১ হাজার ৩২৭ টাকা খরচ হয়। বাকি ৭৭৩ টাকা মুনাফা হিসেবে ধরা হয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএর সভায় ইকোনমি ও ওপেন ডেকের ভাড়া ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং বিজনেস ও লাউঞ্জ শ্রেণীর ভাড়া ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিলাসবহুল কেবিনের ভাড়া জাহাজ মালিকদের ওপর ছেড়ে দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘ভাড়া নিয়ে পর্যটকদের আপত্তি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সংগ্রহ করা হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে আমাদের।’

পূর্ববর্তী নিবন্ধকসাইকে মদসহ পুলিশে ধরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যুবককে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধএমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি : পল্লী বিদ্যুৎ সমিতি