ভারত থেকে আমদানি সিদ্ধ চালে পাওয়া যায়নি ক্ষতিকর অ্যাফ্লাটক্সিন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

ভারত থেকে আমদানি করা সিদ্ধ চালের একটি চালানের নমুনায় ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়া যায়নি। দেশে ও ভারতে দুই ল্যাবে চাল পরীক্ষা করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন উপাদান মিলেনি বলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। ইতোমধ্যে ভারত থেকে আমদানিকৃত সমুদয় চাল খালাস করে গুদামজাত করা হয়েছে।

সূত্র জানিয়েছে, এমভি এইচটি পাইওনিয়ার নামের একটি জাহাজ সম্প্রতি ভারতের কলকাতা বন্দর থেকে সরকারের আমদানিকৃত ১০ হাজার ৮৭৮ টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। খাদ্য অধিদপ্তর জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে নিয়ম মাফিক নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করে। এরপর চাল গ্রহণ ও খালাসের অনুমোদন দেওয়া হয়।

চাল খালাসের সময় খাদ্য গুদামে কিছু বস্তার চালের রং এবং দানা নিয়ে আপত্তি ওঠে। এ অবস্থায় খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চাল বাছাই করে আলাদাভাবে খালাস করা হয়। চালানের পুরো চাল খালাসের পর জাহাজটি ফেরত যায়। খাদ্য অধিদপ্তর ১৩৫ টন চাল নিয়ে সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানকে আপত্তি জানালে তারা চালের নমুনা পাঠাতে বলে। খাদ্য অধিদপ্তর ভারতে নমুনা পাঠানোর পাশাপাশি নিজেরাও চালের মান পরীক্ষার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নমুনা পাঠায়। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ১৩৫ টন চালের দুইটি পরীক্ষায় ক্ষতিকর অ্যাফ্লাটক্সিন পাওয়া যায়নি।

চালগুলো খাদ্য অধিদপ্তরের গুদামেই রয়েছে এবং এগুলো ব্যবহার করা হবে বলেও সূত্র জানায়।

এদিকে সরবরাহকারীর স্থানীয় এজেন্ট সেভেন সিজ শিপিং লাইনসের সিইও মো. আলী আকবর জানিয়েছেন, এই চালের ভারতীয় সরবরাহকারী প্রায় ৩৫ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বৈধ ও বৈজ্ঞানিক পরীক্ষা–নিরীক্ষায় সব ধরণের সহযোগিতা করতে তারা প্রস্তুত বলে উল্লেখ করেন। তিনি বলেন, চালগুলোতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন উপাদানই পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধস্থাপনের ১০ বছর পর চালু হচ্ছে চসিকের ‘ফুড সেফটি ল্যাব’
পরবর্তী নিবন্ধদেড়শর বেশি ফ্লাইট বাতিল, ২২ হাজার যাত্রী দুর্ভোগে