গেল বছর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ বেঁধেছিল, তাতে পাকিস্তানি বিমানবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা চীন প্রথমবারের মতো স্বীকার করেছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে। খবর বিডিনিউজের।
চীনের রাষ্ট্রায়ত্ত চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রকৌশলী ঝ্যাং হেং বৃহস্পতিবার সিসিটিভিকে সাক্ষাৎকারটি দেন। সিসিটিভি লিখেছে, গত বছরের যুদ্ধে চীনের তৈরি একটি যুদ্ধবিমান ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যেটি ছিল ফ্রান্সের তৈরি।
পাকিস্তান বিমানবাহিনীর বহরে রয়েছে চীনে তৈরি জে–১০সিই যুদ্ধবিমান, যা চীনের রাষ্ট্রায়ত্ত এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) একটি সহযোগী প্রতিষ্ঠানের তৈরি। ঝ্যাং হেং বলেন, আমরা সাপোর্ট বেইসে প্রায়ই যুদ্ধবিমানের উড্ডয়নের গর্জন আর বিমান হামলার সতর্ক সংকেতের শব্দ শুনতাম। মে মাসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেত। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কাজ করাটা তাদের জন্য মানসিক ও শারীরিকভাবে কঠিন পরীক্ষার মতো ছিল।














