বিব্রতকর পারফরম্যান্সে আরেকটি বড় হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অকপটে স্বীকার করলেন, তিন বিভাগেই পিছিয়ে ছিল বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টে বড় হারের পর, সেঞ্চুরিয়নে আরও বড় ব্যর্থতার আরেকটি গল্প লিখেছে বাংলাদেশ। সুপার স্পোর্ট পার্কের পেস সহায়ক উইকেটে চার পেসার নিয়ে খেলতে নামলেও, তাদের কেউই প্রোটিয়া ব্যাটসম্যানদের তেমন বিপাকে ফেলতে পারেননি। অনায়াসে রান করে স্বাগতিকরা। পেসারদের দুর্দশার কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংসে অনিয়মিত স্পিনার মুমিনুল হককে দিয়ে সবচেয়ে বেশি বোলিং করান শান্ত। এমনকি তাওহিদ হৃদয়ও করেন ১২ ওভার। দ্বিতীয় দিনের শেষ দিকে ভিয়ান মুল্ডারকে আউট করে ইনিংসের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটিও উপহার দেন তিনি। এলোমেলো বোলিংয়ের পরও স্কোরকার্ড কিছুটা ভদ্রস্থ হতে পারত যদি ঠিকঠাক ক্যাচ নিতে পারতেন ফিল্ডাররা। গত কয়েক ম্যাচের ব্যর্থতার ধারা অব্যাহত রেখে এই ইনিংসে অন্তত পাঁচটি ক্যাচ ছাড়ে বাংলাদেশ। এর সঙ্গে যোগ হয় সময়মতো রিভিউ না নেওয়ার ব্যর্থতা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিন বিভাগের ব্যর্থতা উল্লেখ করে শান্ত বলেন,‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং– এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। তাই আমার মনে হয়, এই তিন জায়গাতেই আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সবসময় উন্নতি, উন্নতির কথা বলি… এই জায়গায় আসলে আমাদের উন্নতি করে দেখাতে হবে। এই কন্ডিশনে ক্যাচগুলো নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
ওই জায়গাগুলোতে আমরা মিস করেছি। তো এটা যার যার ব্যক্তিগত যে দায়িত্বটা আছে, সেটা যদি ঠিকমতো আমরা পালন করি, তাহলে আমার মনে হয় যে সবার জন্য কাজটা সহজ হয়ে যাবে।’ সব মিলিয়ে নিজেদের সামর্থ্যেই ঘাটতি দেখছেন শান্ত। ‘সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে, এটা স্বীকার করতেই হবে। তবে আমরা ভালো ক্রিকেটও খেলেছি মাঝে। নিয়মিত ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা জরুরি। ম্যাচে হার–জিত থাকবে। আমাদের একটু খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় আসলে ঘাটতি আছে। চেষ্টা এটাই থাকবে।’












