ব্যাংককে ঋতুপর্ণাদের সঙ্গে দেখা করলেন বাফুফে সভাপতি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

ভারতে অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ব্যাংককে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল শনিবার অনুশীলন শেষে দলের ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এসময় তিনি আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে খেলোয়াড়দের শুভকামনা জানান এবং উৎসাহ দেন। ব্যাংককে অবস্থানকালে সকালে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প পরিদর্শন করেন বাফুফে সভাপতি। সেখানেই অনুশীলন করছে আফঈদা খন্দকাররা। এসময় অ্যালপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদি সাক সুনতারোসের সঙ্গে বৈঠক করেন তাবিথ। নারী জাতীয় দলকে চমৎকার আতিথেয়তা ও সহযোগিতা দেওয়ার জন্য অ্যালপাইন ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি। আজ অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প মাঠে ব্যাংকক উইমেন্স লিগের টায়ার১ দলের ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে আরও একটি ক্লোজড ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ২০ গোলে জয় পেয়েছিল লালসবুজের প্রতিনিধিরা। দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২১ মে ভারতের গোয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।

সেখানে ২৫ মে শুরু হবে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৩১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। উল্লেখ্য,সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তাদের সামনে রয়েছে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ।

পূর্ববর্তী নিবন্ধলিটনকে ভাগ্যবান বললেন পাকিস্তানের খুররম শাহজাদ
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনে বোলারদের দায়িত্ব বেশি : লিটন