চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে সেমিফাইনালে উন্নীত হয়েছে বোয়ালখালী এবং রাঙ্গুনিয়া্ উপজেলা। আর বালিকা বিভাগে সেমিফাইনালে উন্নীত হয়েছে সীতাকুন্ড এবং বোয়ালখালী উপজেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বালক বিভাগে বোয়ালখালী উপজেলা দল ২-০ গোলে কর্নফুলী উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। বালিকা বিভাগে একই প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বোয়ালখালী উপজেলা দল।
এদিকে বিকেলে অনুষ্ঠিত দুটি ম্যাচে বালিকা বিভাগে সীতাকুন্ডের কাছে হেরেছে রাঙ্গুনিয়া। আবার বালক বিভাগে সীতাকুন্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রাঙ্গুনিয়া। বালিকা বিভাগে সীতাকুন্ড উপজেলা দল ২-০ গোলে রাঙ্গুনিয়া উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।
বিকেলে অনুষ্ঠিত বালক বিভাগের প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে রাঙ্গুনিয়া উপজেলা দল টাইব্রেকারে ৫-৪ গোলে সীতাকুন্ড উপজেলা দলকে পরাজিত করে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সেমিফাইনালে জা্য়গা করে নেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। প্রথশার্ধে এগিয়ে গিয়েছিল সীতাকুন্ড। তবে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে সমতা ফেরায় রাঙ্গুনিয়া। পরে টাইব্রেকারে রাঙ্গুনিয়া উপজেলা দল জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।














