বোয়ালখালীতে দলিল লেখকের ১০ লাখ টাকাসহ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে খোরশেদ আলম নামের এক দলিল লেখককে মারধর করে ১০ লাখ টাকা ও জায়গা সম্পত্তির ৬টি দলিল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের বাসিন্দা। এ বিষয়ে গতকাল দুপুরে তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্র জানা যায়, সকাল ১১টার দিকে নিজের মোটরসাইকেলে উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্য বের হলে মনার বাপের টেকের মফজল হুজুরের বাড়িঘাটা এলাকা দিয়ে যাওয়ার পথে কয়েকজন মোটরসাইকেলের পিছনে বসা খোরশেদ আলমের সহকারী এরফানুল হক লিটনের ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা লোহার রড দিয়ে আঘাত করতে থাকলে গাড়ি থেকে খোরশেদ নামলে তাকেও কিল ঘুষি ও লোহার রড দিয়ে আঘাত করে। এসময় জায়গার ৬টি মূল দলিল ও ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় খোরশেদ আলম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় সী বার্ড রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঅনলাইন জুয়া পরিচালনায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানার বিধান