পচা–বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ‘সী বার্ড হোটেল এণ্ড রেস্টুরেন্ট’ সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। একই অভিযানে একই এলাকা অনিবন্ধিত অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে ‘চাটগাঁও রান্নাঘর’ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে ‘সী বার্ড হোটেল এণ্ড রেস্টুরেন্ট’–এ অত্যন্ত শোচনীয় ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। সেখানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পচা–বাসি খাবার বিক্রয়, পোকামাকড়ের উপস্থিতি এবং বিড়ালের বিচরণ লক্ষ্য করা যায়। এছাড়া অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে মানোন্নয়নের লক্ষে জনস্বার্থে রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।












