বোবা মানুষ আসলেই খুবই চালাক, খুবই চতুর। তারা সবাক কিন্তু অভিনয় করে বোবার মতো। পাশাপাশি স্থান কাল পাত্রভেদে তারা আবার খুবই সরব। তারা স্বেচ্ছায় স্বজ্ঞানে নিজেদেরকে আড়াল করে রাখে নিজেদের ওজন মান মর্যাদা সম্মান বাড়ানোর জন্য। তাই এসব তথাকথিত বোবাদের নিকট থেকে শত মাইল দূরে থাকা শ্রেয় এবং উত্তমও বটে। তারা কৌশলে মানুষকে এড়িয়ে চলে। নিজেদেরকে অভিজাত শ্রেণির মনে করে ধরা ছোঁয়ার বাইরে রাখে। নিজেদেরকে অতি উত্তম চরিত্রের অধিকারী মনে করে। আর অন্য সবাই অধম। তাদের যেন মানবিক গুণাবলী সৎ চারিত্রিক বৈশিষ্ট্যের বালাই নেই। নেই মানবিক মূল্যবোধ। পাহাড়ের চূড়ায় উঠে নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে যায়, ভোগে আত্মতুষ্টিতে। আরে ভাই আপনি যতই উপরে উঠুন পাখির মতো ডানা মেলে আকাশে উড়ুন তাতে কার কি যায় বা আসে। তবে মনে রাখবেন মাটিতে একদিন অবশ্যই পা রাখতে হবে। সেদিন আশে পাশে সুহৃদ আপন প্রিয়জনদেরকে হয়তবা ফিরে নাও পেতে পারেন। সেসময় আপনার চালাকি বোকামিতে পরিণত হলেও হতে পারে। সেটা না হয় ভবিতব্যের হাতে ছেড়ে দেয়া গেল।











