চবি ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’ গৃহীত ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’–এর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উপাচার্য দপ্তরে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান এ কর্মসূচির উদ্বোধন করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিষ্ঠানটির পাঁচ বছর মেয়াদী মিশন ‘গ্রীনসোল : ৫০০০ ট্রীস ফর আর্থ’–এর আওতায় ‘সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ’–প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। উদ্বোধনকালে ফাউন্ডেশনের ১৬ সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সাথে মতবিনিময় করেন এবং তাঁর হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান বলেন, বনায়নের জন্য অথেন্টিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তার জন্য চবি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সদস্যদের বলিষ্ঠ নেতৃত্ব, লব্ধ জ্ঞান, একাগ্রতা ও এ ধরণের কার্যক্রম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে। উল্লেখ্য, ফাউন্ডেশনটি চবির সব অনুষদের সাথে সমন্বয় করে পুরো ক্যাম্পাস জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করবে। এর আওতায় প্রথম ধাপে ২৫০–৩০০টি ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন গাছের চারা চবিকে প্রদান করছে অথেন্টিক ফাউন্ডেশন। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চবি উপাচার্য বলেন, বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।












