বুড়িশ্চরে ১৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

হাটহাজারী বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকার এস. আলম মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫টি ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গতকাল র‌্যাব৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার আইয়ুব কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে ইয়াবার এক চালান নিয়ে একটি গাড়ি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস.আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িটির যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো নয়টি বান্ডিল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা। র‌্যাবএর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্‌ফর হোসেন বলেন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার