বিসিবি নির্বাচন আজ

২৩ পদের ১৫টি ঘিরে ভোটযুদ্ধ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার। ২৩টি নির্বাচিত পরিচালক পদের মধ্যে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। সব মিলিয়ে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপরই নবনির্বাচিত পরিচালকদের প্রথম সভায় বিসিবির সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হবেন। এবার ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। কয়েকটি জেলা ও প্রতিষ্ঠান কাউন্সিলরশিপ জমা দেয়নি। জেলা ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী কাউন্সিলরশিপ জমা দেয়নি। এছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিও কাউন্সিলরশিপ পাঠায়নি। ক্যাটাগরি: নির্বাচন শুধু খুলনা ও বরিশালে: জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ৭ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদীন এবং মঈন উদ্দিন চৌধুরী, সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোট হচ্ছে। ইতোমধ্যে পোস্টাল ও ইভোটিং চলছে। দুপুর ১টা পর্যন্ত ইভোট দেওয়া যাবে। খুলনা বিভাগে ১১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন দুই পরিচালক। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম সুমিত ও মো. আব্দুছ সালাম। অন্যদিকে বরিশাল বিভাগে ৭ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। এ পদের জন্য লড়ছেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী। ক্যাটাগরি: সবচেয়ে জমজমাট লড়াই ঢাকার ক্লাবগুলোর: ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের ভোটে ক্যাটাগরি২ থেকে নির্বাচিত হন ১২ পরিচালক। এ ক্যাটাগরির ১২টি পদের বিপরীতে প্রথমে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে ১৬ প্রার্থী ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৬ জন কাউন্সিলরের ভোটে এই ক্যাটাগরির পরিচালকরা নির্বাচিত হবেন। তবে পোস্টাল ব্যালটের কারণে অধিকাংশ ফল আগেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, অন্তত ১০টি পদে বিজয়ী প্রায় নিশ্চিত। বাকি দুটি পদের জন্য কয়েকজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যাটাগরি৩ থেকে আগেই নির্বাচিত আলমগীর: বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বাকি দুই পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচিত ও মনোনীত এই ২৫ পরিচালকই পরে প্রথম বোর্ড সভায় বিসিবির সভাপতি এবং দুই সহসভাপতি নির্বাচন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুর জিমন্যাস্টিকসে দুটি স্বর্ণপদক জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধঅরিন্দম নাট্য সমপ্রদায়ের কর্মশালা ১১ জুন শুরু