মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার দুই দিন মুখরিত ছিল মাঠের মানুষদের কলতানে। বিসিবির নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন মাঠের মাঠকর্মীরা অংশ নেন লেভেল–১ কিউরেটর কোর্সে। কিউরেটরদের জন্য এবারই প্রথম এমন কোর্সের আয়োজন করেছিল বিসিবি। সেখানে উত্তীর্ণ হয়েছেন ৫৮ জন। চট্টগ্রাম ও ঢাকায় দুই ধাপে বিসিবি এই কোর্স সম্পন্ন করেছে। যেখানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বিসিবির সকল স্টেডিয়ামের মাঠকর্মীরা। অংশ নেন মোট ৭৮ জন। গত ১১ ও ১২ অগাস্ট চট্টগ্রামের ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম দফা। সেখানে অংশ নেন কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল ও ফতুল্লা স্টেডিয়ামের মাঠকর্মীরা। সেখানে মোট ৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। মিরপুরে রোববার ও সোমবার দ্বিতীয় দফার কোর্সে অংশ নিয়েছে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা। ৪১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন।












